কাঁঠাল নিয়ে সংঘর্ষ, আরও একজনের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম হাঁকানো নিয়ে গতকাল দুপক্ষের সংঘর্ষে মুখলেছুর রহমান (৬০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হাসবাজ গ্রামের আছির মাহমদের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এ ছাড়া উভয় পক্ষের আহত ৪০ জন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

জানা যায়, গত সোমবার সংঘর্ষের পর স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের ভয়ে আত্মগোপন ছিলেন আহত বৃদ্ধ মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধার গ্রামের মালদার পক্ষের লোক বলে জানা যায়।

উল্লেখ্য, গত সোমবার সকালে মসজিদের কাঁঠাল নিলামের বিরোধের জেরে গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরি জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান চালিয়ে উভয় পক্ষের ছয়জনকে আটকে করা হয়েছে। মুখলছুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ সংঘর্ষেই তার মৃত্যু হয়েছে কি-না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা যাচাই-বাছাই করছি।