নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই দলকে সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। ইব্রাহিম জাদরানকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করলেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের উইকেট পাওয়ার উল্লাসে মাতলেন এই পেসার। চার বল পরই তুলে নিলেন রহমত শাহকে। তাকেও উইকেটে পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা তরুণ।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শরিফুলের তোপে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ২.৫ ওভারে দলীয় ৩ রানেই হারিয়েছে ২ উইকেট।
ইব্রাহিম ৬ বলে ১ রান করেছেন। রহমত শাহ চার বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে এখন উইকেটে যোগ দিয়েছেন হাশমতউল্লাহ শহিদি।
ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ ও দ্বিতীয় ম্যাচে ১৪২ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচটা তাই টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।