ভারী বৃষ্টিপাতে নাকাল উত্তরাখণ্ড-হিমাচল, রেড এলার্ট জারি

ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত উত্তর ভারত। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি।

ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডের মানুষও। রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি মঙ্গলবার রাজ্যে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করে চারধামের তীর্থযাত্রীদের সতর্ক থাকতে বলেন।

উত্তরাখণ্ডে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হতে পারে জানিয়ে রেড এলার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

দ্যা হিন্দুস্তান টাইমস জানায়, প্রবল বৃষ্টিতে ভূমিধসের পাশাপাশি পাহাড়ি ঢলে বেশ কয়েকটি সেতু ভেসে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের চামোলি জেলার সীমান্ত এলাকায় অবস্থিত জুম্মাগড় নদীতে প্রবল পানির স্রোতে ভেসে গেছে সেতু। যার ফলে ইন্দো-তিব্বত সীমান্ত সড়ক অবরুদ্ধ হয়ে সীমান্তবর্তী গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ছাড়া রাজ্যের রাজধানী দেরাদুনে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

এদিকে ভারতীয় আবহাওয়া সংস্থা আইএমডি আগামী ২৪ ঘন্টার জন্যহিমাচল প্রদেশের সোলান, সিমলা, সিরমাউর, কুল্লু, মান্ডি, কিন্নর এবং লাহৌলে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে লাল সতর্কতা জারি করেছে। এ ছাড়া আগামী ২৪ ঘন্টায় মান্ডি, কিন্নর এবং লাহৌল-স্পিতিতে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে আইএমডি।

প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় হিমাচলের ১২টি বড় সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির হিসেবে গত তিনদিনে প্রবল বৃষ্টি ও বন্যায় হিমাচলেই মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।