নাঈম-শান্তকে হারিয়ে শুরুতেই বিপাকে বাংলাদেশ

ফজল হক ফারুকির অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বল, সেটিও বেরিয়ে যাচ্ছিল। জায়গায় দাঁড়িয়েই আলগা শট খেললেন নাঈম শেখ। সেটা ব্যাটের কোনায় লেগে স্টাম্পে এসে আঘাত হানে। ৮ বল খেললেও রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। আগের ম্যাচেও ঠিক একই ভাবে আউট হয়েছিলেন এই বাহাতি ওপেনার। সেই ম্যাচেও বোলার ছিল ফারুকি।

তামিম ইকবালের হঠাৎ অবসরের পর একাদশে সুযোগ পান নাঈম। প্রায় দুই বছর পর এ সংস্করণে ফেরেন এ বাঁহাতি ওপেনার। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে ফিরেছিলেন, কিন্তু টেকনিকে সমস্যাটা দুই ম্যাচে স্পষ্ট হয়েছে তার।

দুই ম্যাচেই ফারুকির বলে বোল্ড হলেন নাঈম। দুই ম্যাচেই স্টাম্পে ডেকে এনেছেন বল। আগের ম্যাচের বলটি লাফিয়ে উঠেছিল। এবারেরটি বেরিয়ে যাচ্ছিল।

বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে ২ রানে। তার পথ অনুসরণ করেন নাজমুল হোসেন শান্তও।

নাঈমের বিদায়ের পর শান্ত ও লিটন দাস হাল ধরেছিলেন। দুজনে এগিয়েও নিতে শুরু করেছিলেন। কিন্তু সেই পথে এগিয়ে যেতে বাধা হয়ে দাঁড়ান ফারুকি। তার বলে নাঈমের মতোই বোল্ড হন শান্ত। সোজা লাইনের বলে একটু জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলের লাইনে যেতে পারেননি। ফলে উড়ে যায় স্টাম্প।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।