ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার জন্য চিঠি পাঠিয়েছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বৈঠকে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ।’
বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ইইউ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও জামায়াতকে চিঠি পাঠান। দলটিকে বৈঠকের জন্য ১৫ জুলাই বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে।
ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টিসহ নিবন্ধিত–অনিবন্ধিত ১৪–১৫টি দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ১৫ জুলাই দিনের বিভিন্ন সময়ে দলগুলোর সঙ্গে এ বৈঠক হবে। তবে জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও কয়জন সদস্য অংশ নেবেন, তা ইইউর চিঠিতে উল্লেখ করা হয়নি।