জ্বর কত জানাবে এয়ারপডস প্রো

প্রযুক্তি পণ্যের মধ্যে এয়ারপড খুব জনপ্রিয়। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, অ্যাপলের এয়ারপডে নতুন কিছু ফিচার সংযুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে একটি হলো হিয়ারিং এইড। এখনকার এয়ারপড অডিওগ্রাম প্রোফাইল সাপোর্ট করে। এটাকেই আইওএসের মাধ্যমে কাজে লাগিয়ে যারা কানে কম শোনেন তাদের জন্য সাউন্ড অ্যাডজাস্ট করার সুবিধা থাকবে এয়ারপডে।

আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এই এয়ারপড শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবে। অ্যাপলের ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ আলট্রাতে এই সেন্সর ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখা গেছে, হাতের চেয়ে কান থেকে ভালো জ¦র নির্ণয় করা যায়। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গুরম্যান এই ফিচারগুলো সম্পর্কে কয়েক মাস আগে বা বছরখানেক আগেই জানিয়েছিল। সম্প্রতি আরও জানায়, এয়ারপডস প্রোর চার্জিং কেসে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা হবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান আরও বলেন, এখন থেকে অ্যাপলের সব অডিও পণ্যেই এই পোর্ট ব্যবহার করা হবে। সেই সঙ্গে এয়ারপডের দাম ১২৯ ডলার থেকে নেমে ৯৯ ডলার হবে।