জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সুপার স্পেশালাইজড হাসপাতালে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর কমপক্ষে ১২ হাজার নারী জরায়ুমুখ ও স্তন ক্যানসারে মারা যাচ্ছেন, এটা একটি বড় বিপর্যয়। এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর দায় আমরা এড়াতে পারি না। কারণ একটু সচেতন হলে, একটু দায়িত্বশীল ভূমিকা রাখলে এবং প্রয়োজনীয় তথ্যটি সঠিক জায়গায় পৌঁছাতে পারলে এ মৃত্যু এড়ানো যায়। মায়েদের সুস্বাস্থ্যসহ জীবন রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসচেতনতা সৃষ্টিসহ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ ও স্তন ক্যানসার নিয়ন্ত্রণে স্কুল হেলথ ক্লিনিক চালু একটি বড় ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় বিএসএমএমইউ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা, স্তন ক্যানসার নির্ণয় ও চিকিৎসাসহ বহুমুখী কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করছে। এ ক্ষেত্রে সাফল্যও এসেছে।

কর্মশালায় গ্রুপ ওয়ার্ক উপস্থাপনা ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) একেএম নূরুন্নবী কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। জরায়ুমুখ ও স্তন ক্যানসারবিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা। বিজ্ঞপ্তি