সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন চ্যানেল, নিউজ পোর্টালসহ ইন্টারনেটভিত্তিক সব অনলাইন মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। বিটিআরসিকে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে জুয়ার প্ল্যাটফর্মগুলো আর্থিক লেনদেন করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে বলেছে আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর দেওয়া রুল যথাযথ ঘোষণা করে গতকাল মঙ্গলবার এ রায় দেয় বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার এ রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট এক রুলে সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন স্ক্রিন ও বিভিন্ন অনলাইনে জুয়ার বিজ্ঞাপন অপসারণে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায়। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হলো।