সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দান করা একটি কাঁঠালের নিলাম নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়া ৬০ বছর বয়সী মুখলেছুর রহমান হাসনাবাদ গ্রামের বাসিন্দা। গত সোমবার সকালে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন তিনি। ওইদিন রাতে এক আত্মীয়ের বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষের দিন ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২)। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মো. শাহজাহান মিয়া নামে একজনের।
হাসনাবাদ গ্রামে দীর্ঘদিন ধরেই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার বিরোধ নিষ্পত্তি হলেও রেষ কাটেনি। বারবার প্রশাসন-জনপ্রতিনিধিরা চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। নিজেদের ক্ষমতার জানান দিতে বারবার বিরোধে জড়িয়ে পড়েন তারা। পুলিশের নিয়ন্ত্রণে পুরো গ্রাম এখন নিস্তব্ধ।
এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে উভয় পক্ষের পুরুষরা গা-ঢাকা দিয়েছেন। এলাকায় শুধু নারী ও শিশুরা রয়েছেন।