রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা নিচে ছুড়ে মারে ককটেল। যে মোটরসাইকেল থেকে দুটি ককটেল ছুড়ে দেওয়া হয় সেটিতে দুজন ছিলেন। এ সময় আশপাশে আরও বেশ কিছু মোটরসাইকেল ছিল। ককটেল ছুড়ে মেরে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে ককটেল বিস্ফোরণে আহত নিরাপত্তা প্রহরী জাকির হোসেনের (৫৫) শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।