যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এ সতর্কবার্তা জারি করে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক থাকার কথা জানিয়ে বলেছে, ২০২৪ সালের জানুয়ারিতে বা তার আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ এবং নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন এগিয়ে আসায় রাজনৈতিক সভা-সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ড আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ বা সহিংসতায় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় সমাবেশস্থল ও বিক্ষোভ কর্মসূচি এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে নাগরিকদের নিজের নিরাপত্তা পরিকল্পনা, পারিপার্শ্বিক বিষয়ে সচেতনতা ও স্থানীয় গণমাধ্যমে নজর রাখার কথাও বলা হয়েছে সতর্কবার্তায়। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে জরুরি যোগাযোগের জন্য নিজের সঙ্গে থাকা মোবাইল ফোন যেন সার্বক্ষণিক সচল থাকে, সেই ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

অন্যদিকে অস্ট্রেলিয়া হাইকমিশনের ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে দেশটির নাগরিকদের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।