রাষ্ট্র ও বিচার বিভাগের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘ক্ষমতায় যেই থাকুক রাষ্ট্র সবার। সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আইন, আদালত ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সে সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা এসেছে। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশ সফর করে মামলাজট নিরসনে বিচারকদের ভূমিকা পালন ও দেশপ্রেমের সঙ্গে বিচারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপ্রার্থীদের কষ্ট লাগবে সারা দেশে আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ চলমান রয়েছে।’ সাক্ষাতের সময় এলআরএফের সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।