পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ এবং পারিবারিক কলহকে কেন্দ্র করে দেশের পাঁচ জেলায় পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলাবাগান বিক্রি করার ২০ হাজার টাকা পাওনা ছিল আবুল কালামের। গতকাল সকালে তিনি পাওনা টাকা চাইতে গেলে কামালের সঙ্গে তার বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে গাছের ডাল দিয়ে কালামকে মাথায় আঘাত করেন কামাল। এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়। কামাল ঘটনার পর থেকে পলাতক।
ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে শাফিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাভাঙ্গারি গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত শাফিয়া একই গ্রামের মৃত ছোবানের স্ত্রী। গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। গতকাল দুপুরে মনোহরপুর ইউনিয়নের মুনশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুনশিপাড়া গ্রামের মৃত মোকবুল হোসেনের ছোট ছেলে ফরহাদ ওরফে আকুল মিয়া ও বড় ছেলে মোমিনুল ইসলাম ওরফে রাখুর মধ্যে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলচিল। গতকাল দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারপিটে জড়িয়ে পড়েন। এতে বড় ভাই রাখু মিয়া গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ভাতিজার লাঠির আঘাতে নিহত হয়েছেন চাচা সুজায়েত উল্যা পাটওয়ারী (৬০)। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, সুজায়েত উল্যার বড় ছেলে সৌরভের বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু সুজায়েতের চাচাতো ভাই হানিফ মেয়েপক্ষের কাছে সৌরভকে নিয়ে ‘অপবাদমূলক’ কথা বলে। তাতে বিয়ে ভেঙে যায়। গত মঙ্গলবার সকালে সুজায়েত উল্যার ছেলে সৌরভসহ পরিবারের লোকজন বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে দুপুরের দিকে সুজায়েত উল্যা বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় চাচাতো ভাই হানিফকে তিনি বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হানিফের ছেলে কিরণ এসে লাঠি দিয়ে জেঠা সুজায়েত উল্যাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে ছোট ভাই আমির হোসেনের (৩৩) হাতে খুন হয়েছেন বড় ভাই আনোয়ার হোসেন (৩৬)। তারা আলেখারকান্দা গ্রামের মৃত নুরা খাঁর ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হত্যার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি।