বার্ন ইনস্টিটিউট পরিদর্শন ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী এইচ ই ডাসো ডিসেন ওয়াংমো। দুই দেশের স্বাস্থ্যসেবায় সম্পর্ক বাড়ানোর জন্য ক্যাম্প করতে আগামী সেপ্টেম্বরে বার্ন ইনস্টিটিউট থেকে একটি চিকিৎসক দল ভুটান যাওয়ার কথা রয়েছে। গতকাল বুধবার সকালে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী একটি দল নিয়ে বার্ন ইনস্টিটিউট ঘুরে দেখেন।

এ সময় ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের দেখেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার নানান দিক শোনেন। পরে হাসপাতালটির সভাকক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসায় এবং ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ভুটানের এই মন্ত্রী।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আসন্ন ক্যাম্পের প্রস্তুতিসহ নানা দিক জানতে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ইনস্টিটিউট পরিদর্শনে আসেন।