চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে বেসরকারি টেলিভিশন আরটিভির এক সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গত ১৩ মে মামলাটি দায়ের হলেও গত মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী।
মামলায় আরটিভির ঢাকা অফিসের নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিন ও ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা একরামুল আহসানকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বাসিন্দা শাকেরুল কবির। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১২ মে আরটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। পরে এটি একরামুল আহসান ‘সত্যের সন্ধানে’ নামে তার ফেসবুক আইডি থেকে শেয়ার দেন। এটি বাদী দেখতে পান। প্রতিবেদনটিতে বাদীর অজান্তে তার ছবি দেখানো হয়েছে। ওই প্রতিবেদনে মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেন বাদী।