জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যা মামলার আরেক আসামি আসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এই হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অন্যতম সহযোগী তিনি। আসলাম মিয়া বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী এলাকার বাসিন্দা।
বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার নয়ন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে আসলাম মিয়ার নাম উঠে আসে। এসব তথ্য পেয়ে এবং গোপন সংবাদের ভিত্তিতে আসলাম মিয়াকে রৌমারীর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত সাংবাদিক নাদিম হত্যা মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছে ১৬ জন আসামি।