মেসির আরও একটি স্বীকৃতি

ইএসপিওয়াই (ইস্পি) অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি। দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বের সেরা সকার (ফুটবল) খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেসি। জিতেছেন টুর্নামেন্ট সেরা পারফরম্যান্সের পুরস্কারও। টুর্নামেন্ট সেরা পারফরম্যান্সের পুরস্কারটি জিতেছেন বিশ্বকাপে দারুণ করায়।

তবে বছরের সেরা অ্যাথলেটের পুরস্কারটি পাননি মেসি। সেটি পেয়েছেন প্যাট্রিক মাহোমস। তিনি একজন আমেরিকান ফুটবল (রাগবির মতো খেলা) খেলোয়াড়।

দারুণ মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এ ছাড়া পিএসজিতে জেতেন লিগ শিরোপাও। মেসি খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকারে। ইন্টার মায়ামিতে মেসিবরণ আগামী রবিবার।

মেসি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অ্যাওয়াড অনুষ্ঠানে যাননি।

আমেরিকান টিভি ব্রডকাস্টার এবিসি এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। সেরা সকার খেলোয়াড়ের পুরস্কারের জন্য মেসির সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আর্লিং হালান্ডও। মেসি এর আগেও ইস্পি অ্যাওয়ার্ড পেয়েছেন।

সেরা টেনিস খেলোয়াড়ের পুরস্কার পান নোভাক জকোভিচ।