সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পরে এবার দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১টায় দুবাই কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে দশজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি তুলে দেয়ার মধ্যদিয়ে প্রবাসীদের এনআইডি কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়ন করল নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় আগামী এক বছরে অন্তত ১৫টি দেশে এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।
এসময় তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ৪০টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করা হবে। এরমধ্যে আগামী এক বছরে অন্তত ১৫টি দেশে সম্পন্ন করা হবে এ কার্যক্রম।
অনুষ্ঠানে জানানো হয়, আবেদন গ্রহণের শুরু থেকে এ পর্যন্ত আবুধাবি দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটে প্রায় দুই হাজার প্রবাসী স্মার্টকার্ডের আবেদন করেছেন। এরমধ্যে প্রায় দুইশত বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
বিদেশে বসেই আবেদনের মাত্র এক মাসের মধ্যেই প্রবাসীরা পাচ্ছেন নতুন স্মার্টকার্ড। অল্প সময়ের মধ্যে এনআইডি পাওয়ায় খুশি প্রবাসীরা।
এ সময় উপস্থিত থাকা সাধারণ শ্রমিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার। সবশেষে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এনআইডি কার্ড বিদেশের মাটিতে শুরু হওয়াতে প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।