চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী

সরকারকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ নেই

আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকে তাদের কর্মকাণ্ডের কারণে তারা নিজেদের কবর নিজেরা খুঁড়েছে, তারা কবরের মধ্যে আছে। বিএনপি যতই আন্দোলন করুক তারা কবর থেকে উঠতে পারবে না।’

গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া এলাকায় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাষ হওয়া আম বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী বলেন, ‘রপ্তানিযোগ্য আম উৎপাদনের মাধ্যমে আম রপ্তানি করা হলে বৈদেশিক মুদ্রা আসবে, যা জনকল্যাণে কাজে লাগবে। আমাদের বৈজ্ঞানিকরা উন্নতমানের আম উৎপাদনের জন্য পরিশ্রম করছেন। সরকারও সে লক্ষ্যে কাজ করছে।’

মতবিনিময় সভায় সংসদ সদস্য আবদুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।