বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে সমর্থন না জানাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন ইইউর সাবেক কমিশনার ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাবিষয়ক সাবেক বিশেষ দূত ইয়ান ফিজেল। সেনা সমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন নেই। বাংলাদেশেও সর্বোচ্চ আদালত এ ধরনের ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে।
ব্রাসেলসভিত্তিক ইইউঅবজারভারডটকম নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে গত মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে ইইউকে ওই পরামর্শ দেন ইয়ান ফিজেল।
নিবন্ধে স্লোভাকিয়ার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা ইয়ান ফিজেল লিখেছেন, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে মূল বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তা বর্জনের হুমকিও দিয়েছে তারা। এদিকে টানা তিন মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কিছুতেই অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়বেন না।