সচিবালয়ে তথ্যমন্ত্রী

সাংবিধানিক সংকট সৃষ্টির উদ্দেশ্য বিএনপির

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দুরভিসন্ধিমূলক। দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টিই তাদের উদ্দেশ্য।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল প্রমুখ মোড়ক উন্মোচনে অংশ নেন। আধুনিক সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ নিয়ে ৪৮টি ফিচারের এই সংকলন গ্রন্থ প্রকাশের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান মন্ত্রী।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গত বুধবার বিএনপির কর্মসূচি থেকে দেওয়া সরকারের পদত্যাগের দাবি পুরনো কথাই নতুন করে বলা। তবে সেখানে একটি বিষয় অত্যন্ত দুরভিসন্ধিমূলক, সেটি হচ্ছে তারা যে দাবি দিয়েছে সেখানে তারা বলেছেÑ সংসদ বিলুপ্ত করতে হবে।’