জয়সোয়ালের রাজসিক অভিষেকে ভারতের দাপট

অভিষেক টেস্টেই সেঞ্চুরি উপহার দিলেন যশস্বী জয়সোয়াল। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মার সঙ্গে গড়লেন ২২৯ রানের জুটি। অধিনায়ক রোহিতও শতরান করে তবেই থামলেন। এই দুইয়ের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন শেষে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত।

২ উইকেটে ৩১২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা সফরকারী দল এখন পর্যন্ত ১৬২ রানের লিড পেয়েছে। জয়সোয়াল ৩৫০ বল খেলে ১৪৩ রানে অপরাজিত আছেন। উইকেটে তার সঙ্গী এখন বিরাট কোহলি। তিনি ৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

টেস্টে দশম সেঞ্চুরির স্বাদ পাওয়া রোহিত আউট হয়েছেন ১০৩ রান করে। তিনি ফিরে যাওয়ার পর উইকেটে এসেছিলেন শুভমান গিল। তবে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করতে পেরেছিল মাত্র ১৫০ রান। বিনা উইকেটে ৮০ রান নিয়ে এদিনের খেলা শুরু করে ভারত। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটার জয়সোয়াল সারাদিন ব্যাট করেছেন। রোহিতের সঙ্গে উদ্বোধনী জুটিতে গড়েছেন একাধিক রেকর্ড।

এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছেন ‍দুজন। দেশটির টেস্ট ইতিহাসে এই প্রথম উদ্বোধনী জুটি লিড এনে দিল।

বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডেও ভাস্বর হয়েছেন জয়সোয়াল। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার পর ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন তিনি।