ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা

গাজীপুর মহানগরীর হানকাটা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে টঙ্গী স্টেশন রোড থেকে অচেনা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ওসমান আলী শেখের ছেলে মোমেন শেখ (৫০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপে চার-পাঁচজন যুবক তাকে বহন করা অটোরিকশার পথরোধ করে। এ সময় তারা টাকা দাবি করে। টাকা না পেয়ে ছুরি দিয়ে তার বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। রক্ত ক্ষরণের ঘটনাস্থলেই মোমেন শেখের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ জানান, মোমেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শরীফ জানান, টঙ্গী স্টেশন রোড যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তার বয়স আনুমানিক ৩০ বছর। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশপথের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। তার বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে।