যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশের নাগরিক বলাটা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব।’
গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী স্টেশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতায় বলেন, ‘আমরা শেখ হাসিনার পরিকল্পনা অনুয়ায়ী তার নেতৃত্বে কাজ করব এবং ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’
এর আগে তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া এসে পৌঁছান। পরে তিনি সড়ক পথে নিজ উপজেলা কসবার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।