মানববন্ধনে মান্না

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে গুম-খুন চলবেই

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে গুম, খুন, নির্যাতন চলতেই থাকবে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। ওদের ক্ষমতা থেকে নামানোর সময় এসে গেছে। এক দফা আন্দোলনের ঘোষণা করা হয়েছে। এ আন্দোলনেই তাদের পতন নিশ্চিত করা হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভয়েজ অব ভিকটিম ফ্যামিলি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

মান্না আরও বলেন, ‘আজকে নির্বাচন সামনে রেখে আমাদের পুরনো মামলা নতুন করে সামনে এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের কাউন্টডাউন শুরু হয়েছে।’

কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক সংহতি পরিষদের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘ভয়েজ অব ভিকটিম ফ্যামিলির পাশে আমরা আছি। কিন্তু এমন একটা সরকার এখন ক্ষমতা অবৈধভাবে দখল করে বসে আছে। যাদের আমলে আইন রক্ষাকারী বাহিনী কর্র্তৃক বিএনপির প্রায় ৬০০ ব্যক্তিকে গুম করেছে, অসংখ্য বিরোধী মতের মানুষকে খুন করেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এই যে, বিভিন্ন সময়ে বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার প্রায় শতাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাদের গ্রেপ্তার করে রিমান্ডের নামে অত্যাচার করে কারাগারেই খুন করেছে।’

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যশোরের চৌগাছা পৌর বিএনপির সহসভাপতি ও পুলিশের ‘নির্যাতনের শিকারে’ নিহত নজরুল ইসলাম শান্তির ছেলে মেহেদী হাসান, নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মো. জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই আজমল ফরাজি, বংশাল থানা বিএনপির সহসভাপতি ও পুলিশের নির্যাতনে নিহত এরশাদ আলী লাডলার স্ত্রী নাসরিন, ‘গুম হওয়া’ গাড়িচালক কাওসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার মীম, রাশেদের ছেলে রিমন, চঞ্চলের ছেলে আহাদ প্রমুখ। ‘নির্যাতনের শিকার’ হয়ে নিহত ছাত্রদল নেতা নুরুল আফসারের স্ত্রীসহ ৪০টি পরিবারের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।