রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি পানাগিয়া কানালা’র বিরুদ্ধে দেওয়া আটকাদেশ বাতিল করেছে হাইকোর্ট। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সম্পূরক কার্যতালিকা প্রকাশ করে শুনানি নিয়ে এ আদেশ দেয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ। ফলে ৩০ হাজারের বেশি টন কয়লা নিয়ে আসা ওই জাহাজ থেকে কয়লা খালাসে কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালত-সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বেঞ্চ কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বাহার উদ্দিন আল রাজি দেশ রূপান্তরকে বলেন, ‘বিশেষ বিবেচনায় আজ (গতকাল) এই একটি মামলার জন্য আদালত বসেছিল। শুনানিকালে আমরা রাষ্ট্রপক্ষে কেউ না থাকলেও আদেশের বিষয়টি অবগত হয়েছি। আগের আদেশটি বাতিল করেছে হাইকোর্ট। ওই জাহাজ থেকে কয়লা খালাসে এখন কোনো বাধা নেই।’
এই জাহাজের নামে ২ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে আবেদনের পর গত ১২ জুলাই জাহাজের বিষয়ে আটকাদেশ দিয়েছিল হাইকোর্টের এই বেঞ্চ। পরদিন মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজের এনওসি স্থগিত করে। সিসিএক্স কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। আদালত-সংশ্লিষ্টরা বলেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে গতকাল হাইকোর্টের এ আদেশ আসে। গত ৬ জুলাই সকালে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার টনের বেশি কয়লা নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙর হাড়বাড়িয়া ১১-তে ভিড়ে ‘এমভি পানাগিয়া কানালা’।