ফের আন্দোলনে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার আশ্বাস পেয়ে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা কর্মসূচি স্থগিত করেছিলেন।‌ কিন্তু আশ্বাস পাওয়ার তিন দিনের মধ্যে সাক্ষাৎ ও দাবির ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও কর্মসূচিতে ফিরেছেন চিকিৎসকরা।

এরই অংশ হিসেবে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করেছেন চিকিৎসকরা। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এ সময় চিকিৎসকরা জানান, তারা প্রধানমন্ত্রীর অফিস থেকে আশ্বাস পাওয়ার পর শাহবাগে অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু আশ্বাস পূরণ না হওয়ায় আবারও কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এর আগে গত সোমবার ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন কর্মবিরতিতে থাকা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান চিকিৎসকরা।

গতকাল শহীদ মিনারের সমাবেশে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা নিয়মিত হাসপাতালে যে সময় দিই, তার কোনো মূল্যায়ন পাই না। অথচ এই সমাজের সবচেয়ে মেধাবীরাই চিকিৎসা পেশায় আসেন। কিন্তু এই জায়গাটায় এসে যদি এই চিকিৎসকদের নিয়মিত অবহেলা আর অবমূল্যায়নের শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে কেউ চিকিৎসা পেশায় আসতে চাইবে না। তিনি জানান, তিন দফা দাবি আদায়ে ২০২০ সালে তাদের আন্দোলন শুরু হয়েছিল। দাবিগুলো ছিল ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি, ভাতা নিয়মিত করা ও বকেয়া ভাতা পরিশোধ। এর মধ্যে কেবল বকেয়া ভাতা পরিশোধের দাবিটি বাস্তবায়িত হয়েছে। কিন্তু বাকি দুটি দাবি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে চিকিৎসকরা শুধু আশ্বাসই পেয়েছেন।