প্রধান বিচারপতি বললেন

মামলা জট কমাতে বিচারক-আইনজীবী কাজ করতে হবে

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘বিচারক ও বিজ্ঞ আইনজীবীরা একে অপরের পরিপূরক। সাধারণ মানুষ যাতে সহজেই বিচার পায় সেই লক্ষ্যে আইনজীবীদের অনুরোধ করেছিÑ আসেন বিচারকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যাতে মামলার জট ছাড়ানো যায়।’

গতকাল শনিবার সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।

 প্রধান বিচারপতি  বলেন, ‘সারা দেশের জেলাগুলার মধ্যে ২০২২ সালে ময়মনসিংহ  জেলায় সর্বোচ্চ সংখ্যক মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। এই বছরেও মামলা নিষ্পত্তির অগ্রগতির পরিমাণ গত বছরের চেয়ে বেশি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে মামলার জট ছাড়াতে সক্ষম হব।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিচারপ্রার্থী মানুষ আদালতের বারান্দায় বিচারের প্রত্যাশায় আসেন। তারা এই দেশের মালিক। তাদের আমাদের বিচারিক সেবা দেওয়ার দায়িত্ব।’ 

এর আগে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। পরে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং  জেলা আইনজীবী সমিতির সঙ্গে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।