চাকরিচ্যুত দুই পুলিশ-সেনা সদস্য ডাকাতিতে

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১ কোটি ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)। তারা হলেন মেহেদী হাসান আব্বাস, রাসেল, ওবায়দুর রহমান ফারুক, সাইফুল ইসলাম, মেরাজ ও শাওন। তাদের মধ্যে আব্বাস পুলিশের সাবেক কনস্টেবল ও ফারুক সেনাবানিহীর সাবেক সৈনিক। তারা উভয়ই বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত বলে জানিয়েছে ডিবি।

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, ১২ জুলাই তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি, ৭ লাখ ৫৩ হাজার টাকা, একটি মাইক্রোবাস, একটি পুলিশের ক্যাপসহ ডাকাতির টাকা দিয়ে কেনা বিভিন্ন জিনিস।

ডিবিপ্রধান জানান, ৬ জুলাই সকালে ব্যবসায়ী দিদারুল ইসলামের অ্যাকাউন্টে টাকা জমা দিতে যাওয়ার সময় রাজধানীর শান্তিনগর একায় তার চাচাতো ভাই তারেকুল ও অফিস স্টাফ সেলিমের কাছ থেকে ১ কোটি ১২ লাখ লুট করে চক্রটি।