ইনজুরি ৯৯ উইকেটে থামিয়ে রেখেছিল শাহিন শাহ আফ্রিদিকে পাক্কা একবছর। ২০২২ গল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর আর টেস্ট খেলা হয়নি। গতকাল সেই গলে খেলতে নেমে অস্টম বলেই শততম উইকেটটি তুলে নেন। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস আর অধিনায়ক দিমুথ করুনারত্নেকেও ফিরিয়েছেন আফ্রিদি। আরেক পেসার নাসিম শাহ দিনেশ চান্ডিমালকে আউট করলে ৫৪/৪ এ পরিণত হয় স্বাগতিকরা। সেখান থেকে ধনঞ্জয়া ডি সিলভার অপরাজিত ৯৪ রানে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোর দাড়িয়েছে ২৪২/৬।
ধনঞ্জয়ার ঘুরে দাড়ানোর লড়াই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে। ১০৫তম টেস্ট খেলতে নামা ম্যাথুজকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন ধনঞ্জয়া। ১০৯ বলে ৬৪ রান করা ম্যাথুজকে উইকেটকিপার গ্লভসবন্দী করিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার আবরার আহমেদ। এরপর সামারাবিক্রমার সঙ্গে ৫৭ রানের জুটি আর বড় হওয়ার আগেই থামিয়েছেন আগা সালমান। তখনই শেষ হয় দিনের খেলা। ১৫৭ বলে ১০ চার ও তিন ছক্কায় সাজানো ৯৪ রানের ইনিংস নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামবেন ধনঞ্জয়া দশম সেঞ্চুরির লক্ষ্যে।