প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে হওয়া সব মামলার বিচার একসঙ্গে চলবে বলে আদেশে দিয়েছে উচ্চ আদালত। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদকে ধারাবাহিক রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে চ্যালেঞ্জে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে একই ঘটনায় স্থানীয় আদালত সীমানার বাইরে একাধিক মামলা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার পরিপন্থী কেন হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আদালতে চাঁদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন আইনজীবী কায়সার কামাল ও মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
শুনানিকালে চাঁদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, একটি ঘটনার মামলায় ধারাবাহিকভাবে রিমান্ডে নেওয়ার বিষয়ে আপত্তি তোলেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এর যৌক্তিকতা তুলে ধরে এ সংক্রান্ত একাধিক মামলার নজির তুলে ধরেন।
আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘সবগুলো মামলা একটা আইনি ও বিচার প্রক্রিয়ায় আনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি অবহিত করা হয়েছে।’