পাঁচ দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী

পটিয়া থেকে চট্টগ্রাম নগরীতে খালার বাড়িতে বেড়াতে আসা উম্মে আয়মা আনিকা (১৫) ও তার সহপাঠী নিসা আক্তার (১৬) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। দুজনই উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত বুধবার মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে ছুটি নিয়ে চান্দগাঁও থানাধীন শমসের পাড়ায় খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন এই দুই কিশোরী। আনিকার সহপাঠী নিসা। তাদের বাড়ি পটিয়ার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়িকাড়া গ্রামে।

এ ঘটনায় গত শনিবার নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আনিকা ও নিসা গত বুধবার দুপুরে শমসের পাড়ায় তার বাড়িতে (খালার বাড়ি) বেড়াতে আসে। একই দিন সন্ধ্যার দিকে তাদের মামা মোহাম্মদ নাজিমের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হলেও পথিমধ্যে তারা নিখোঁজ হয়।