বিএনপির ঢাকার পদযাত্রার আংশিক পথ পরিবর্তন

ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির পথ পরিবর্তন করেছে বিএনপি। গতকাল রবিবার সন্ধ্যায় দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ পদযাত্রা কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। গাবতলী থেকে শুরু হয়ে রায় সাহেবের বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) শেষ হবে পদযাত্রাটি। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা গাবতলী থেকে শুরু করে মগবাজারে গিয়ে উত্তরের পদযাত্রায় যুক্ত হবে।

তাইফুল ইসলাম টিপু জানান, ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের পদযাত্রার সঙ্গে যুক্ত হবে। মঙ্গলবার ঢাকার পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

পদযাত্রা কর্মসূচি বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এখানে (পদযাত্রা কর্মসূচি) পুলিশের অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। মৌখিক আলোচনা হয়েছে। তারা (পুলিশ) সহযোগিতা করবে বলে জানিয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়ে পদযাত্রা কর্মসূচির বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।