মাছ ধরার জালে কুমির

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমির। নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ভেসে এসেছে কুমিরটি বলে মনে করেন মুলাদী উপজেলা বন কর্মকর্তারা।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রাম সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম জানান, সকালে ঘোষের চরের এক জেলে মাছ শিকারের জন্য জয়ন্তী নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরে জাল তুলতে গেলে দেখে মাঝারি আকৃতির একটা কুমির উঠে এসেছে। এ সময় খবর শুনে আশপাশের এলাকার মানুষ কুমির দেখতে ছুটে আসে। পরে খুলনা বন বিভাগে যোগাযোগ করা হয়। তবে মেঘনার শাখার জয়ন্তী নদীতে কুমির কিভাবে এলো তা নিয়ে পর্যালোচনা করে দেখা উচিত বলে মনে করেন তিনি।

জেলে জাবুল হোসেন তালুকদার জানান, নাজিরপুর ইউনিয়নের ঘোষের হাট ভূঁইয়া বাড়ির সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো সকালে জাল ফেলেন তিনি। আইর ও পাঙাস মাছ শিকারের ওই জাল তোলার সময় অনেক ভারী হয়ে যায়। পরে জাল টেনে কাছে আনার পর কুমিরটি দেখতে পায় জেলে জাবুল। এতে ভয় পেলেও পরে কৌশলে টেনে নদীর তীরে আনেন কুমিরটিকে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, কুমিরটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত কেউ যাতে ক্ষতি করতে না পারে সেজন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, কুমিরটি মিঠা পানির দেশীয় প্রজাতির। এই প্রজাতি প্রায় বিলুপ্ত। তাই এটি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না। তবে কোনো চিড়িয়াখানা না নিলে সাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।