মানিকগঞ্জের সিংগাইরে ডিম বিক্রির পাওনা ২০ টাকাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৭ জুলাই ) সকালে ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় তোলপাড় শুরু হয়। এর আগে রবিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, ওই এলাকার কদম আলীর ছেলে আবু হানিফ (৪৫) এবং অপরপক্ষের রেহাজউদ্দিনের ছেলে আল আমিন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারিল আবাসনে বসবাসরত হানিফ একই স্থানে থাকা আল আমিনের কাছে ২০ টাকা বাকিতে ডিম বিক্রি করেন। সেই ডিমের টাকা গত শনিবার চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেনাদার আল আমিনকে আঘাত করলে তার পাল্টা আঘাতে পাওনাদার হানিফ গুরুতর আহত হন।
এরই সূত্র ধরে আবু হানিফের ছোট ভাই আব্দুল মালেক গংরা ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে আল আমিনকে ডেকে নিয়ে হাত-পা বেধে মারপিট করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে । পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের দিন হানিফকে কোপ দিয়ে জখম করে। পরে হানিফ গংরা আল আমিনকে হাত-পা বেধে মারপিট করে গুরুতর জখম করে যা খুবই ন্যক্কারজনক।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমি বিষয়টি জানিনা। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।