মেসি নিজেই জানালেন শুক্রবার মায়ামির হয়ে প্রথম খেলবেন

শনিবার ইন্টার মায়ামির হয়ে চুক্তিবদ্ধ হওয়ার পরদিন ফোর্ট লটারডেলের ডিআরভি-পিএনকে স্টেডিয়ামে লিওনেল মেসিকে বরণ করে নেয়া হলো। পরদিন তাকে দেয়া সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ইনস্টগ্রাম পোস্টে লিখেছেন, 'গতরাতের জন্য সবাইকে ধন্যবাদ। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল বৃষ্টি হয়তো তা হতে দেয়নি, তারপরও দারুণ হয়েছে আয়োজন।'
মেসি লিখেন, 'সবাইকে ধন্যবাদ আপনারা যারা এসেছিলেন, যারা ভালোবাসা দিয়েছেন, সেই সব শিল্পিরা যারা এই পরিস্থিতির মধ্যে অসাধারণ গেয়েছেন।'
এরপর সব সংশয় দূর করে দিয়েছেন মায়ামির হয়ে তার অভিষেক ম্যাচ নিয়ে, 'শুক্রবার আবার দেখা যাবে।' ওই দিন লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্রুজ আজুলের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মায়ামি।