ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইডিয়ালের ছাত্র নিহত

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রবিবার রাত সোয়া ১০টার দিকে ধানম-ির শেখ জামাল মাঠের পূর্বপাশের ফুটপাতে হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আদনান ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ধানমন্ডি থানার এসআই আলমগীর হোসেন জানান, রাতে শেখ জামাল মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় আদনান ও তার বন্ধু রাইয়ানকে চারজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা আদনানের গলার পাশে ছুরিকাঘাত করে। তখন সঙ্গে থাকা রাইয়ান সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ছিনতাইকারীরাও সেখান থেকে পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় আদনান দৌড়ে একাই নিজের বাসার পাশে যান। তখন স্বজনরা তাকে দ্রুত আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় তার। খবর পেয়ে আদনানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের মেজো ভাই আরমান সজিব হৃদয় জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তিতারকান্দি গ্রামে। বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়কের চাকরি করেন। থাকেন গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারে।

আরমান আরও জানান, রবিবার রাতে বাসায় বসে পড়ার সময় বন্ধু রাইয়ানের ফোন পেয়ে বাসা থেকে বের হয় আদনান। এর কিছুক্ষণ পরই খবর পান, বাসার পাশেই রাস্তায় পড়ে আছে আদনান। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তখন জানতে পারেন, শেখ জামাল মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় চারজন ছিনতাইকারী প্রথমে রাইয়ানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর আদনানের মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখনই ছুরি দিয়ে তার গলার পাশে আঘাত করে ছিনতাইকারীরা।