তালগাছ নিয়ে চাচাতো ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবলু শেখ হত্যা মামলায় নিহতের আপন দুই চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬ (যশোর) এর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের মৃত আজমল শেখের দুই ছেলে রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখ (৪০)।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এই হত্যাকাণ্ডের মূলহোতা নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত আজমল শেখ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুলাই সকালে আসামি রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায় থাকা একটি তালগাছ কাটতে যায়। খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেয়। তখন আসামি রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে বাবলুর বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

স্থানীয় লোকজন বাবলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১২ জুলাই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদি হয়ে লোহাগড়া থানায় ২৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন (মামলা নং-১২)। এর মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাবলু শেখ হত্যা মামলায় র্যাব-৬ এর একটি টিম দুজন আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।