কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলী তুহিন (১১) নামের এক স্কুলছাত্র স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। এ সময় তার সঙ্গে গোসল করতে নামা তিন বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলছাত্র কক্সবাজার পৌরসভার নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জীবিত উদ্ধার হওয়া তিনজন হলো- কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলের এসএসসির ফলপ্রার্থী ও সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন এবং কক্সবাজার মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। এদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে ৪ বন্ধু মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড কর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।