আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

ভারতকে ওয়ানডেতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার আরেকটি ইতিহাসের হাতছানি নিগার সুলতানা জ্যোতিদের সামনে। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ উঁকি দিচ্ছে। তিন ম্যাচের সিরিজে প্রথমটা জিতে নিয়ে এগিয়ে আছে তারা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের।

এমন এক উপলক্ষে আগে আজ দ্বিতীয় ম্যাচে উত্তেজনা নয়, মাথা ও মন ঠান্ডা রেখেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়টাই চাঙ্গা করে তুলেছে বাংলাদেশ নারী দলকে। এক জয়ে আত্মবিশ্বাস শতগুণ বেড়ে গেছে শিবিরে। সেই আত্মবিশ্বাসে প্রথম ওয়ানডে জেতা হয়েছে। যা বাংলাদেশের ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের প্রথম জয়।

এবার প্রথম সিরিজ জয়ে চোখ রাখা নারীরা সুখময় এ সময়ের আগেই ভেসে যেতে চাচ্ছেন না।

দলের সদস্য লতা মণ্ডল বলেন, ‘আসলে চাপ বা আমরা খুব বেশি উত্তেজিত বিষয়টা এই রকম না। আমরা আসলে ম্যাচ ধরে এগোতে চাচ্ছি। আমাদের যেটা সবসময় কথা হয়, ম্যাচ জিতি বা হারি, ভালো ক্রিকেট খেলব। ভালো খেলার কারণে রেজাল্ট কিন্তু ভালো আসছে। আমাদের চিন্তা ভালো ক্রিকেট খেলব। তাহলে রেজাল্ট এমনিতেই আমাদের পক্ষে থাকবে।’

পিছিয়ে থেকেও লড়াই করার উদাহরণ আছে ভারতের। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাছে ২-১-এ টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে ৩-০-তে জিতেছিলেন হারমানপ্রিত কৌররা। বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডে হারের পর প্রবলভাবেই সিরিজে ফিরতে চাইবেন তারা।

লতা জানালেন তারা ভারতের কোনো কিছুতেই আগ্রহী নন, ‘সেটা চিন্তা করছি না। ভারত কী করবে বা না করবে। আমরা আমাদেরটা চিন্তা করছি। আমাদের কালকের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। কীভাবে ভালো করা যায়। কীভাবে ব্যাটিং লাইনআপ ভালো করতে পারে। বোলিংটা বা ফিল্ডিং গত ম্যাচের মতো যেন হয় আমরা এসব ভাবছি।’

এদিকে প্রথমবার বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জা এড়াতে মরিয়া ভারত একটু নির্ভারই যেন। ম্যাচের আগের দিনও অনুশীলন করেনি দলটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও আসেনি দলের কেউ।