মিতু হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় মোখলেসুর রহমান ইরাদ (৩২) নামে একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন পাবনার ঈশ্বরদী পৌরসভার বাসিন্দা এবং বাবুল আক্তারের বন্ধু সাইফুল ইসলামের কর্মচারী ইরাদ। ইরাদ আদালতকে জানান, মিতু খুনের দু-তিন দিন পর সাইফুলের নির্দেশে আসামি ওয়াসিম ও আনোয়ারের বিকাশ নম্বরে তিন লাখ টাকা পাঠিয়েছিলেন তিনি।

ইরাদ আদালতকে জানান, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাইফুল ইসলামের প্রতিষ্ঠান ‘মাল্টিয়ান প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং’ এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন।

আদালতে সাক্ষ্য দেওয়ার পর ইরাদকে জেরা করেন বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন। মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুর রশীদ বলেন, ‘গতকাল মঙ্গলবার সাক্ষী সরোয়ার আলমকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী। এরপর ইরাদ সাক্ষ্য দেন।’ সরোয়ার আলম বাবুল আক্তারের কথিত বান্ধবী গায়ত্রীর বাসার প্রহরী ছিলেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।