বেতন না পেয়ে ৩৯ শিক্ষকের মানবেতর জীবন

সাভার সরকারি কলেজের ৩৯ জন শিক্ষক ১২ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজটির প্রধান ফটকে অবস্থান নিয়ে পাওনা বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ৩৯ শিক্ষক।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, সাভার কলেজে ১১২ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে ২০১৮ সালের ৮ আগস্ট সাভার কলেজ সরকারীকরণ ঘোষণা করা হলে ১৬ আগস্ট ২০২২ সালে ৫৬ জন শিক্ষকের অ্যাডহক নিয়োগ চলে আসে। এরপর থেকে বাকি শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষকরা কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করলে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তার আশ্বাসে তারা সবাই নিয়মিত কলেজের কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিন্তু ১০ মাস বেতন না পেয়ে শিক্ষকরা আবারও অধ্যক্ষের কাছে গেলে তিনি বলেন, বেতন দেওয়া সম্ভব নয়। সব মিলিয়ে ১২ মাস ধরে বেতন না পেয়ে সংবাদ সম্মেলন পাওনা বেতনের দাবি জানান শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে মার্কেটিং বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা বলেন, ‘আমাদের অধ্যক্ষ চাইলে কলেজ ফান্ড থেকেই এ ৩৯ জন শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারেন। কিন্তু তার অনিচ্ছার কারণে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। টাকার অভাবে আমরা আমাদের সন্তানের লেখাপড়ার খরচও চালাতে পারছি না।’

রসায়ন বিভাগের প্রভাষক শিরতাজ বেগম বলেন, ‘আমরা ৩৯ জন শিক্ষক ও তাদের পরিবারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দ্বারস্থ হয়েও আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের অধ্যক্ষ স্যার বিষয়টির সমাধান না করায় পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করছি।’

ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান বলেন, ‘এক বছর ধরে আমরা কোনো ধরনের বেতন-ভাতা পাচ্ছি না। এর মধ্যে দুটো ঈদ গেল, তখনো কোনো ধরনের আর্থিক ভাতা আমাদের দেওয়া হয়নি। আমাদের যতটুকু সঞ্চয় ছিল, সেটি দিয়েই এতদিন পরিবার নিয়ে কোনোরকম চলেছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। অবিলম্বে আমাদের বেতন-ভাতার ব্যবস্থা না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’