ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২ লাখ টাকা উদ্ধার

ভারতের উত্তরপ্রদেশে তসলিম নামে এক ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২৪ লাখ রুপি উদ্ধার করেছে আয়কর দপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশি মুদ্রায় যা ৩১ লাখ ৮০ হাজার টাকারও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত সোমবার জানিয়েছে, তসলিমের বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে। কয়েক বছর ধরে তিনি একটি ইউটিউব চ্যানেল চালান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে প্রায় এক কোটি টাকা আয় করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার।

আয়কর দপ্তরের কর্মকর্তারা জানান, শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতেন তসলিম। তার ভাই ফিরোজের দাবি, ইউটিউব থেকে এখন পর্যন্ত এক কোটি ২০ লাখ রুপি আয় করেছেন তারা। ইতোমধ্যে চার লাখ রুপি আয়করও দিয়েছেন।

ফিরোজ বলেন, আমরা কোনও অনৈতিক কাজ করিনি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই। ভালো আয় হয়। আয়কর দপ্তরের তল্লাশি পরিকল্পিত চক্রান্ত।