হ‍ুমায়ূন আহমেদের নাটক প্রচার নিয়ে শাওনের অভিযোগ

অনুমতি ছাড়া হ‍ুমায়ূন আহমেদের নাটক-সিনেমা ওটিটি ও ইউটিউব প্লাটফর্মে চালানো হচ্ছে জানিয়ে অভিযোগ তুললেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ বুধবার (১৯ জুলাই) নন্দিত এই কথাসাহিত্যিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্পীতে হ‍ুমায়ূন আহমেদের সমাধীতে ফুলেল শুভেচ্ছা দিতে গিয়ে এমন কথা বলেন।

বুধবার সকালে দুই ছেলেকে নিয়ে নুহাশপল্পীতে হ‍ুমায়ূন আহমেদের সমাধীতে ফুলেল শুভেচ্ছা ও কবর জিয়ারত করতে যান শাওন। এ সময় তিনি বলেন, ‘হ‍ুমায়ূন আহমেদের অনেকগুলো নাটক-সিনেমা কোনো রকম অনুমতি/চুক্তিপত্র ছাড়াই দেশের প্রথম সারির কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেল চালানো হচ্ছে। এগুলোর বিষয়ে হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে চুক্তি ছিলো না। ওনার অবর্তমানে যারা উত্তরাধিকারী আছেন তাদের সঙ্গেও কোনো রকম কথা হয়নি। যা সম্পূর্ণ অনৈতিক। এটা যে অনৈতিক সেটার সাধারণ মানুষও জানেন। এটা জানার জন্য আইনের লোক হতে হয় না।’

বিষয়টি নিয়ে মৌখিকভাবে অভিযোগ করেও উপযুক্ত জবাব পাননি বলেও জানান শাওন। তার কথায়, ‘আমি প্রাথমিকভাবে ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে অভিযোগ করেছি। কিন্তু তারা সদত্তোর দিতে পারেননি।’

হ‍ুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান তিনি।