আইসিইউ থেকে ছাড়া পেয়ে কেবিনে ফন

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ডাচ ফুটবল কিংবদন্তী এডউইন ফন ডার সার। বেশ কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে সেরে ওঠার পথে। এরই মধ্যে আইসিইউ থেকে ছাড়াও পেয়েছেন।

নেদারল্যান্ডসের ৫২ বছর বয়সী সাবেক এই গোলরক্ষক নিজেই সুখবরটা দিয়েছেন। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী আনেমেরি ফন কেস্টেরেনের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন ফন ডার সার। সে সময় হাসপাতালের কেবিনের বিছানায় বিশ্রাম করছিলেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর ও সহায়ক বার্তা পাঠানোর জন্য প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেই। যা-ই হোক, এখনো হাসপাতালেই আছি। আশা করছি, আগামী সপ্তাহে বাড়ি ফিরে পুরোপুরি সেরে ওঠার কাজ শুরু করতে পারব।’

পরিবার নিয়ে ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে ৭ জুলাই স্ট্রোকের শিকার হন এডউইন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণের পর এটাই ফন ডার সারের প্রথম বার্তা। এর আগে তাঁর স্ত্রী আনেমেরি ও সাবেক ক্লাব আয়াক্সের পক্ষ থেকে চিকিৎসার সর্বশেষ তথ্য জানানো হয়েছে।