সেমিতে টাইগারদের প্রতিপক্ষ ভারত

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ এ দল। তবে অন্য গ্রুপের খেলা বাকি থাকায় প্রতিপক্ষ নিশ্চিত ছিল না। অবশেষে বি গ্রুপের খেলা শেষ হতেই নিশ্চিত হয়ে গেছে সেটা। আগামী ২১ জুলাই দুপুর আড়াইটায় কলম্বোতে শেষ চারের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত করে তারা। এ গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ চারে গিয়েছেন সাইফ হাসানরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৮ ওভারে মাত্র ২০৫ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন কাসিম আকরাম। ভারতের হয়ে রাজভর্দন হাঙ্গারগেকার ৪২ রান খরচায় ১ মেডেনসহ নেন ৫ উইকেট।

২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তা টপকে যায় ৮০ বল হাতে রেখেই। দলের পক্ষে সাই সুদর্শন সর্বোচ্চ ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১১০ বলের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কায়। তাতে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তার হাতেই। এছাড়া নিকিন জোস ৫৩ রান করেন। অধিনায়ক ইয়াশ ঢাল অপরাজিত থাকেন ২১ রানে।

পাকিস্তানের হয়ে উইকেট দুটি শিকার করেছেন মুবাসির খান ও মেহরান মুমতাজ। হারলেও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। তাতে গ্রুপ রানার্স আপ পাকিস্তান আগামী ২১ ‍জুলাই সকাল সাড়ে ১০টায় ফাইনালে যাওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।