পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী শেখ রাসেল আলী ওরফে ভিপি মাসুদ ও তার স্ত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. খায়রুল হক বাদী হয়ে দুটি মামলা করেন। দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, শেখ রাসেল আলী মাসুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠিত হওয়ায় তাকে গত ২৩ মার্চ সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। নির্দেশনা ফরম গ্রহণ করলেও তিনি নির্ধারিত ২১ দিন সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন তা শাস্তিযোগ্য অপরাধ করেছে।
একই সঙ্গে অভিযোগ পর্যালোচনায় দেখা গেছে, শেখ রাসেল আলী নিজ নামে ২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪ টাকার সম্পদ অর্জন করেছেন, এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৭০৫ টাকা। তিনি ১ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।