আজ কয়েক ঘণ্টার সফরে আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট

কয়েক ঘণ্টার সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন কপ-২৮-এর প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। কপ-২৮ সম্মেলনকে সামনে রেখে প্রেসিডেন্টের এ সংক্ষিপ্ত সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করতে চাইছে কপ-২৮ জোটটি। ধারণা করা হচ্ছে সরকারপ্রধানকে সম্মেলনে আমন্ত্রণ জানাতেই আল জাবিরের এ সফর। কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে এসে আজ সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।

আল জাবিরের সফরে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সব সময়ই কপ সম্মেলনে যোগ দিয়ে আসছে। আর কপের প্রেসিডেন্টের এ সফর অবশ্যই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই জলবায়ু সম্মেলন নিয়ে কথা হবে। আর এ সফর নিয়ে আমিরাতও মন্ত্রণালয়কে নির্দিষ্ট কোনো বার্তা দেয়নি। তাই বলা যাচ্ছে না দ্বিপক্ষীয় অন্য কোনো বিষয় আলোচনায় থাকছে কি না।