মৌলিক গবেষণায় ১ম পুরস্কার পেলো আইপিডিআই ফাউন্ডেশন

দেশে চিকিৎসা বিজ্ঞানে মৌলিক গবেষণার জন্য ১ম পুরস্কার পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান আইপিডিআই ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক মৌলিক গবেষণা বিষয়ক 'ডেভেলপমেন্ট অফ এ ট্রান্সলেশন রিসার্চ ইন বাংলাদেশ' ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে এই পুরস্কার ঘোষণা করা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়ার্কশপে সারাদেশ থেকে ৫ শতাধিক চিকিৎসক অংশ নেন। প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মালয়েশিয়া থেকে ওয়েবিনারে অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ ছাড়া অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. এম এ ফয়েজ, অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এম পি, অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. টিটু মিয়াসহ সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিশেষজ্ঞদ চিকিৎসকরা।

স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের রিসার্চ এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসকদের গবেষণার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশে মৌলিক গবেষণার হার একেবারেই কম। এই ওয়ার্কশপে বাংলাদেশি চিকিৎসকদের গবেষণার ক্ষেত্রে উৎসাহ জোগাবে এবং মৌলিক চিকিৎসা গবেষণার নতুন যুগে যাত্রা করবে।

স্বাচিপের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন দেশি ও বিদেশি গবেষকদের অংশগ্রহণে সার্থকভাবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হওয়ার সবাইকে ধন্যবাদ জানান।

সিম্পোজিয়ামে দেশের গবেষক চিকিৎসকরা মৌলিক গবেষণা পোস্টার আকারে প্রদর্শন করেন৷ আইপিডিআই ফাউন্ডেশন এই প্রতিযোগিতায় মৌলিক গবেষণায় ১ম পুরস্কার লাভ করে।

আইপিডিআই এর জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ বলেন, আইপিডিআই ফাউন্ডেশন তরুণ চিকিৎসকদের প্রফেশনাল ডেভেলপমেন্ট এর পাশাপাশি মৌলিক গবেষণা ও দেশের বিভিন্ন রোগের তথ্য - উপাত্ত্ব সংগ্রহ করে থাকে। মৌলিক গবেষণা বিষয়ক এতো সুন্দর আয়োজনের জন্য স্বাচিপকে ধন্যবাদ জানান তিনি।