জ্যাক ক্রলির প্রথম সেঞ্চুরিটি ছিল ডাবল। তখনও 'বাজবল' তত্ত্বের নাম নিশানা ছিল না। ২০২০ সালে সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ৩৩১ বল খেলে ২০০তে পৌছে ছিলেন। শেষপর্যন্ত ২৬৭ রান করেন তিনি। এরপর আরো দুটি সেঞ্চুরি করেছেন। তৃতীয়টি তিনি করেন গত ডিসেম্বরে আবার পাকিস্তানের বিপক্ষে। সেটিতে 'বাজবল'এর প্রভাব। ৮৬ বলেই পৌছে যান তিন অংকে।
আজ চতুর্থ সেঞ্চুরিটি করলেন ৯৩ বলে। ডাবল সেঞ্চুরিই হয়ে যেতো। কিন্তু ১৮২ বলে ১৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ক্যামেরন গ্রিনের বলে আউট হয়ে যান তিনি। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ওই ইনিংস দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটা লিড নেয়ার বন্দোবস্ত করে যান ক্রলি। জো রুটের সঙ্গে তার বিস্ফোরক ২০৬ রানের বিস্ফোরক জুটিতে দ্বিতীয় দিন ৭২ ওভারে ৩৮৪ রান তুলেছে ইংল্যান্ড। ওভারপ্রতি রান তুলেছে তারা ৫.৩৩। লিড ৬৭ রানের।
ক্রলির ১৮৯ এজবাস্টনে ১৯৯৭ সালে নাসের হুসেইনের ২০৭ রানের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের কারও সর্বোচ্চ ইনিংস।
দেশের মাটিতে অ্যাশেজে ইংল্যান্ডের ওপেনারদের মধ্যে ক্রলির চেয়ে বড় ইনিংস আছে স্রেফ তিনটি- ১৯৩৮ সালে ওভালে লেন হাটনের ৩৬৪, একই মাঠে ১৯৮৫ সালে গ্রাহাম গুচের ১৯৬ ও লিডসে ১৯৭৭ সালে জেফ বয়কটের ১৯১।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯০.২ ওভারে ৩১৭ (স্টার্ক ৩৬*, ওকস ৫/৬২, ব্রড ২/৬৮)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭২ ওভারে ৩৮৪/৪ (ক্রলি ১৮৯, রুট ৮৪, মঈন ৫৪, স্টোকস ২৪*; স্টার্ক ২/৭৪)।